নিজস্ব প্রতিনিধি | ধর্মনগর | ২৭ জুলাইঅধিকার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাসহ একাধিক দাবিকে সামনে রেখে সোমবার ধর্মনগরে পথে নামলেন ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির সদস্যরা। ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শহরের রাজপথে মিছিল করে শেষে মহকুমা শাসক (এসডিএম)-এর কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা।সিপিআই(এম)-এর ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে এসডিএম কার্যালয়ে পৌঁছায়। সেখানে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রশাসনের হাতে দাবিসংবলিত স্মারকলিপি তুলে দেয়।স্মারকলিপিতে জাতভিত্তিক জনগণনা, ত্রিপুরায় লোকসভা আসন বৃদ্ধি করে তপশিলী সম্প্রদায়ের জন্য সংরক্ষণ নিশ্চিত করা, সরকারি খরচে শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা, তপশিলী ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি এবং আয়ের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের দাবি জানানো হয়।এছাড়া সরকারি ও আধা-সরকারি দপ্তরের শূন্যপদ দ্রুত পূরণ, বেসরকারি ক্ষেত্রেও সংরক্ষণ, রেগা ও টুয়েপ প্রকল্পে বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ₹৫০০ মজুরি নির্ধারণ, কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ মুকুব, ভূমিহীনদের জমি ও পাকা বাড়ির জন্য আর্থিক সহায়তা, সামাজিক ভাতা বৃদ্ধি, বিনামূল্যে বিদ্যুৎ ও খাদ্যশস্য প্রদানের মতো দাবিও তুলে ধরা হয়।সংগঠনের দাবি, এই দাবিগুলি শুধু তপশিলী সম্প্রদায়ের নয়, সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই সরকারকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উজ্জ্বলা দাস, সীতেশ রঞ্জন দাস, নিরঞ্জন মল্লিক, অশোক দাস, গৌরাঙ্গ দাস এবং সংগঠনের মহকুমা সম্পাদক তাপস সরকার-সহ অন্যান্য নেতৃত্ব।কর্মসূচি শেষে তাপস সরকার জানান, প্রশাসন যদি দ্রুত দাবিগুলির বিষয়ে কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি।
১০ দফা দাবিতে ধর্মনগরে রাস্তায় তপশিলী জাতি সমন্বয় সমিতি, এসডিএম-এর হাতে স্মারকলিপি
