আগরতলা, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশপ্রেম, আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিল আগরতলা মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস ইউনিট। রবিবার আয়োজিত বিশেষ কর্মসূচিতে দেশের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীদের জাতীয় পতাকার ব্যাজ পরিয়ে সম্মানিত করেন এনএসএস-এর স্বেচ্ছাসেবীরা।অনুষ্ঠানে কার্গিল যুদ্ধের বীর শহিদদের আত্মত্যাগ স্মরণ করা হয় এবং তাঁদের বীরত্বগাথা তুলে ধরা হয়। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা জাতীয় ঐক্য ও দেশের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সেনা ও পুলিশ বাহিনীর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।এনএসএস-এর এক স্বেচ্ছাসেবী বলেন, কার্গিলের বীর শহিদদের আত্মত্যাগ কখনও ভোলার নয়। তাঁদের স্মৃতির প্রতি সম্মান জানানো এবং দেশের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে চলা সেনা ও পুলিশসহ সকল নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এনএসএস ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পূর্ব আগরতলা থানার পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। দেশপ্রেমের আবহে আয়োজিত এই কর্মসূচি উপস্থিত সকলের মধ্যে বিশেষ সাড়া ফেলে।
কার্গিলের বীরদের স্মরণে অনন্য উদ্যোগ, পূর্ব আগরতলা থানার পুলিশকে সম্মান জানাল মহিলা বিশ্ববিদ্যালয়ের এনএসএস
