বিশ্রামগঞ্জ থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়া চারটি গবাদি পশু উদ্ধার হয়েছে। এ ঘটনায় টি আর–০১ডি–১৭৩৯ নম্বরের একটি বলেরো গাড়িসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। আটক দু’জন হলেন মহাসিম মিয়া ও ওয়াসিম মিয়া। তারা সম্পর্কে আপন বড় ও ছোট ভাই। তাদের বাড়ি কলমচৌড়া থানার অন্তর্গত পুটিয়া মোল্লা চৌমুহনী এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই গভীর রাতে বিশ্রামগঞ্জের কড়ইমুড়া এলাকা থেকে গবাদি পশুগুলো চুরি হয়। চুরি হওয়া পশুগুলোর মালিক সঞ্জিত দেববর্মা, আজিলা দেববর্মা এবং রবি দেববর্মা। ঘটনার পর তদন্তে নেমে কলমচৌড়া থানার পুলিশ অভিযুক্তদের আটক করে এবং পরে তাদের বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেয়।শনিবার সকালে খবর পেয়ে গবাদি পশুগুলোর মালিকরা বিশ্রামগঞ্জ থানায় পৌঁছান। বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা জানান, মামলা নম্বর ২৫/২০২৬-এর ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিশালগড় আদালতে পাঠানো হবে।উদ্ধার হওয়া গবাদি পশুগুলো রাতভর না খেয়ে ছিল। থানায় এনে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। ওসি অজিত দেববর্মাকেও নিজ হাতে পশুগুলোকে ঘাস খাওয়াতে দেখা যায়। এই মানবিক উদ্যোগ উপস্থিতদের নজর কেড়েছে।পুলিশ পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং চুরি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
চুরি যাওয়া ৪ গবাদি পশু উদ্ধার, বলেরোসহ আটক দুই সহোদর; বিশালগড় আদালতে তোলা হবে অভিযুক্তদের
