কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার ঘটনাকে ছাত্র আন্দোলনের ঐতিহাসিক সাফল্য হিসেবে তুলে ধরে শনিবার আগরতলায় এসএফআই-এর উদ্যোগে একটি মার্চাল র্যালি অনুষ্ঠিত হয়। যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।র্যালিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, এসএফআই-এর রাজ্য সম্পাদক এবং সিপিআই(এম)-এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব। মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।সমাবেশে বক্তারা বলেন, দেশের ছাত্রসমাজের ঐক্যবদ্ধ আন্দোলন সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে এবং সেই আন্দোলনের ফলেই এই রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁদের দাবি। তাঁরা আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের শক্তিই এই বার্তা দিয়েছে।বক্তারা আরও দাবি করেন, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পরীক্ষা প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে এখনও অনেক কাজ বাকি। তাই ছাত্র-যুবকদের অধিকার রক্ষার আন্দোলন ভবিষ্যতেও চলবে বলে জানান তাঁরা।র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে সরব হন। অনুষ্ঠানে উপস্থিত বাম নেতৃত্ব আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাহস ও ঐক্যের প্রশংসা করেন।
ছাত্র আন্দোলনের জয়ের দাবিতে এসএফআই-এর মিছিল, আগরতলায় সরব বাম নেতৃত্ব
