সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলাকে কেন্দ্র করে ফের তৎপর পুলিশ। মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বিশেষ পুলিশ টিম।পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তির কাছ থেকে মাদক কারবারের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে তদন্তের স্বার্থে আপাতত সেই নামগুলি প্রকাশ করা হয়নি। রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলির যাচাই-বাছাই চলছে।তদন্তে উঠে আসা নামগুলির সত্যতা যাচাইয়ের পর উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।উল্লেখ্য, এই মামলার তদন্তের ধারাবাহিকতায় চলতি বছরের ১৯ জুন আরও এক ব্যক্তিকে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে তিনি সোনামুড়া জেল হেফাজতে রয়েছেন।তদন্ত যত এগোচ্ছে, মাদক কারবারের সঙ্গে যুক্ত আরও কোনও ব্যক্তি বা চক্রের সন্ধান মেলে কি না, এখন সেদিকেই নজর রয়েছে পুলিশের।
সোনামুড়ায় মাদক মামলায় গ্রেফতার ড্রাগ পেডলার, জেরায় উঠে আসছে একাধিক নাম
