Headlines

ভাইয়ের স্মৃতিতে রক্তদান, মানবিকতার নজির হাপানিয়ায়

মানুষ চলে যায়, কিন্তু তাঁর স্মৃতি থেকে যায় মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা হয়ে। হাপানিয়া এলাকার প্রয়াত অটোচালক টিংকু সাহার স্মৃতিকে এভাবেই বাঁচিয়ে রাখলেন তাঁর পরিবার, সহকর্মী, আত্মীয়-স্বজন ও পাড়াপড়শিরা।কিডনি সংক্রান্ত জটিলতায় গত ৯ আগস্ট প্রয়াত হন টিংকু সাহা। মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর বেশ কয়েক ইউনিট রক্তের প্রয়োজন হয়েছিল। পরিবারের সদস্যরা নানা ভাবে সেই রক্তের জোগান দিয়েছিলেন। সেই কঠিন সময়ের কথা মনে রেখেই এবার তাঁর বাড়িতেই আয়োজন করা হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের।সোমবার হাপানিয়া হাসপাতাল সংলগ্ন বাড়িতে আয়োজিত এই শিবিরে টিংকুর ছোট ভাই বিকাশ সাহার আহ্বানে এগিয়ে আসেন তাঁর হাসপাতালের সহকর্মী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। প্রিয় মানুষটির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁরা স্বেচ্ছায় রক্তদান করেন।শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল সুপার ডা. জয়ন্ত কুমার পোদ্দার, ডেপুটি সুপার ডা. গনজিৎ দেববর্মা, নার্সিং সুপার বীনামমা থমাস, ওএসডি নন্দন সরকার এবং প্রয়াত টিংকু সাহার ছোট ভাই ও হাসপাতালের সহকারী ম্যানেজার বিকাশ সাহাসহ পরিবারের সদস্যরা।একজন মানুষের জীবনের শেষ সময়ে যে রক্ত অন্যদের কাছ থেকে পেয়েছিলেন, তাঁর স্মৃতিতে সেই রক্তই এবার অন্য অসহায় মানুষের জীবন বাঁচানোর কাজে উৎসর্গ করলেন আপনজনেরা। টিংকু সাহার স্মৃতিতে আয়োজিত এই উদ্যোগ তাই হয়ে উঠল মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *