শান্তিরবাজার: কাজ সেরে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। হয়তো বাড়িতে তাঁর অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু সেই ফেরা আর সম্পূর্ণ হল না। শুক্রবার ভোরে কলসীরমুখ এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকার বাসিন্দা অজয় শীল শর্মা। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, অজয় শীল শর্মা নিজের কাজ সেরে TR 08 G 8309 নম্বরের স্কুটি নিয়ে জোলাইবাড়ি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কিন্তু কলসীরমুখ এলাকায় পৌঁছতেই ঘটে যায় বিপত্তি। TR 03 J 1739 নম্বরের একটি মালবাহী ট্রাক তাঁর স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা এবং বাইখোড়া থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।বর্তমানে অজয় শীল শর্মার মৃতদেহ বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।একটি পথ দুর্ঘটনা মুহূর্তের মধ্যে কেড়ে নিল একটি প্রাণ, থামিয়ে দিল এক পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা। অজয়ের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। যে মানুষটি কাজ শেষে বাড়ি ফিরছিলেন, তাঁর আর ঘরে ফেরা হল না—এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
বাড়ি ফেরা আর হল না অজয়ের! কলসীরমুখে ট্রাকের ধাক্কায় মৃত্যু স্কুটি চালকের
