দুপুরের ব্যস্ত সময়। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে স্বামীকে নিয়ে স্কুটিতে করে বিশালগড়ে এসেছিলেন জাগৃতি চৌধুরী পাল। কিন্তু কে জানত, পথেই অপেক্ষা করছে দুঃস্বপ্ন!বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে আচমকাই তাঁর গলা থেকে প্রায় দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।জানা গেছে, আগরতলার সুভাষনগর থেকে স্বামী-স্ত্রী বিশালগড়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। সেই সময়ই ঘটে এই ছিনতাইয়ের ঘটনা। ঘটনার পর বিশালগড় থানায় অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ।স্থানীয়দের অভিযোগ, বিশালগড়ে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। দিনের ব্যস্ত সময়ে জনসমাগমপূর্ণ এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।এলাকাবাসীর দাবি, শুধু ঘটনার পর তদন্ত নয়, ছিনতাই রুখতে নিয়মিত নজরদারি ও পুলিশের সক্রিয় টহল আরও বাড়ানো হোক। নিরাপদে রাস্তায় চলাচলের অধিকারটুকু যেন সাধারণ মানুষের কাছ থেকে কেড়ে না যায়—এটাই এখন তাঁদের দাবি।
কলেজের সামনে মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাই, আতঙ্কে বিশালগড়
