Headlines

সীমিত বাজেটেও ব্যতিক্রমী উদ্যোগ, গঞ্জেরটিলায় মানবমূর্তি দেখতে উপচে পড়ল ভিড়

শান্তিরবাজার: দুর্গোৎসব মানেই আনন্দ, সম্প্রীতি আর নতুন কিছু দেখার প্রত্যাশা। আর সেই প্রত্যাশাকে সামনে রেখেই সীমিত বাজেটের মধ্যে দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণের ব্যবস্থা করেছে শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা বিপদনাশিনী মন্দির দুর্গাপূজা কমিটি। পৌরাণিক কাহিনিকে জীবন্ত করে তুলতে স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে মানবমূর্তি প্রদর্শনীর।সপ্তমীর রাতে এই মানবমূর্তি দেখতে গঞ্জেরটিলায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। দক্ষিণ জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই বিশেষ আয়োজন দেখতে। পৌরাণিক ধর্মগ্রন্থের নির্বাচিত কাহিনির ভিত্তিতে তৈরি মানবমূর্তিগুলি দর্শনার্থীদের কাছে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।পূজা কমিটির উদ্যোক্তারা জানান, এ বছর তাঁদের দুর্গাপূজা দশম বছরে পদার্পণ করেছে। অন্যদিকে, মানবমূর্তি প্রদর্শনীর দ্বিতীয় বছর চলছে। এ বছরের পূজার বাজেট রাখা হয়েছে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা। আগামী পাঁচ দিন ধরে দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী চলবে।তবে এই আয়োজন শুধু উৎসবের আনন্দ দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। পূজা শেষে উদ্বৃত্ত অর্থ থাকলে তা দিয়ে সামাজিক কর্মসূচি গ্রহণের পরিকল্পনাও রয়েছে কমিটির। ধর্মীয় ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গঞ্জেরটিলা বিপদনাশিনী মন্দির দুর্গাপূজা কমিটির মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *