Headlines

খোয়াইয়ে দুর্গাপূজায় কড়া নিরাপত্তা, প্রস্তুতিতে জেলা পুলিশ

দুর্গাপূজার আনন্দে যাতে কোনওভাবেই বিঘ্ন না ঘটে, দর্শনার্থীরা যাতে নিশ্চিন্তে মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন করতে পারেন, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে খোয়াই জেলা পুলিশ। এ বছর জেলায় দুর্গাপূজার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৮টি, গত বছর যা ছিল ৩৯৭টি।পূজার দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা, ভিড় নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ১১০০ জন টিএসআর, পুলিশ ও সিভিল পুলিশকর্মী মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি পূজা কমিটি ও ক্লাবকে নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দর্শনার্থীদের নিরাপত্তা ও সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করা যায়।নিরাপত্তার স্বার্থে প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা চালু রাখার উপরও বিশেষ গুরুত্ব দিয়েছে জেলা পুলিশ। পাশাপাশি জেলার ২৮টি থানায় সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।খোয়াই জেলার পুলিশ সুপার বোগাতি জগদীশ্বর রেড্ডি জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। সাধারণ মানুষ যাতে নিরাপদ পরিবেশে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন, সেটাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *