শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের আওয়াজে ধীরে ধীরে বিদায়ের সুর বাজতে শুরু করে দুর্গাপুজোর। মায়ের বিদায়বেলাকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করে তুলতে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। পাশাপাশি, শারদ সম্মানকে কেন্দ্র করে পুজোর আয়োজন ও ব্যবস্থাপনাকেও আরও সুন্দর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।এই লক্ষ্যেই আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডঃ বিশাল কুমার, ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর-সহ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য আধিকারিকরা।মায়ের গমনকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, যানজটের সমস্যা কমে এবং গোটা ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একইসঙ্গে শারদ সম্মানকে ঘিরে পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি ও প্রশাসনিক সমন্বয়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।উৎসবের আনন্দ যেন কোনওভাবেই সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়ে ওঠে, সেই লক্ষ্যেই প্রশাসনের এই উদ্যোগ। এখন দেখার, প্রস্তুতি সভায় গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে মায়ের গমন কতটা সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করে তুলতে পারে পৌর নিগম ও সংশ্লিষ্ট প্রশাসন।
মায়ের গমনে সুশৃঙ্খল ব্যবস্থা, শারদ সম্মান ঘিরে প্রস্তুতি তুঙ্গে
