Headlines

চাম্পাহাওরে ভোট গণনাকে ঘিরে উত্তেজনা, রাস্তায় গাছ ফেলে অবরোধের চেষ্টা

ভোটের ফল প্রকাশের অপেক্ষায় যখন চাম্পাহাওরের মানুষের চোখ গণনাকেন্দ্রের দিকে, ঠিক তখনই সকাল থেকে এলাকাজুড়ে তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি। খোয়াই মহকুমার তুলাশিখর আরডি ব্লকের এডিসি নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে চাম্পাহাওর এলাকায়।তুলাশিখর ব্লকের গণনাকেন্দ্র করা হয়েছে চাম্পাহাওর বাজার সংলগ্ন ভারত সরদার দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। সকাল থেকেই গণনাকেন্দ্রের চারপাশে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। উদ্দেশ্য একটাই—গণনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।এরই মধ্যে সিপাইহাওর এলাকায় খোয়াই-চাম্পাহাওর মূল সড়কের উপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। চাম্পাহাওর চৌমুনী বাজার সংলগ্ন একাধিক রাস্তাতেও বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।অন্যদিকে, গণনাকেন্দ্রের সামনে IPFT ও তিপ্রা মথার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল আনুমানিক ৯টা নাগাদ গণনাকেন্দ্রের সামনে থাকা IPFT কর্মীদের সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য সেখানে দৌড়াদৌড়ির পরিস্থিতিও তৈরি হয়।ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রশাসনের কড়া নজরদারিতে চলছে ভোট গণনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গণনাকেন্দ্রের আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *