শনিবার রাত। দুর্গা চৌমুহনী এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। ঠিক সেই সময় ধর্মনগর থেকে আগরতলাগামী একটি বোলেরো গাড়িকে ঘিরে পুলিশের সন্দেহ তৈরি হয়। গাড়িটি থামিয়ে শুরু হয় তল্লাশি। আর তাতেই গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় নগদ ৪০ লক্ষ টাকা।গাড়িতে থাকা পাঁচজনকেই আটক করে পুলিশ। আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, টাকাগুলি সুপারি ব্যবসার লেনদেনের জন্য। তবে টাকার উৎস নিয়ে তাদের বক্তব্যে অসঙ্গতি থাকায় সন্দেহ আরও বাড়ে পুলিশের।কমলপুর ট্রাফিক ইনচার্জ পঙ্কজ দেবনাথ এবং থানার ওসি সুমন আচার্যের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া টাকা মেশিনের সাহায্যে গুনে দেখা হয়। উপস্থিত ছিলেন ডিসিএম অদিতি দাস, এসডিপিও সৌরভ দাস-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।এখন পুলিশের সামনে বড় প্রশ্ন—এই ৪০ লক্ষ টাকা কোথা থেকে এল? কার টাকা? আর এর সঙ্গে আরও কেউ জড়িত কি না? সেই উত্তর খুঁজতেই তদন্ত শুরু হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকা ও আটক পাঁচজনকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। তদন্ত এগোলেই নগদ টাকার প্রকৃত উৎস সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।
নগদ ৪০ লাখ টাকা, গাড়িতে পাঁচজন—কমলপুরে নাকা চেকিংয়ে চাঞ্চল্য!
