দুর্গম পাহাড়ি গ্রামের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে ফের মানবিক উদ্যোগ নিল অসম রাইফেলস। Civic Action Programme 2026-27-এর আওতায় ১৯ সেপ্টেম্বর ডিমা হাসাও জেলার লাইসঙে আয়োজন করা হয় মেডিক্যাল ক্যাম্প।লাইসঙ, লেইকে-সহ আশপাশের গ্রামের বাসিন্দাদের জন্য এই শিবিরে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ রোগের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পুষ্টি ও রোগ প্রতিরোধ নিয়ে সচেতনতা গড়ে তুলতে বিশেষ সেশনও অনুষ্ঠিত হয়।এর আগে ৭ সেপ্টেম্বর হাজাইচকে প্রথম পর্যায়ের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। সেখানে হাজাইচক, হেরেলিও-সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ চিকিৎসা পরিষেবা পান।দুই পর্যায়ের এই চিকিৎসা শিবিরে সব মিলিয়ে প্রায় ৫০০ জন গ্রামবাসী উপকৃত হয়েছেন। প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ায় অসম রাইফেলসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।শুধু সীমান্ত সুরক্ষা নয়, দুর্গম এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্য ও সামাজিক কল্যাণেও নিজেদের ভূমিকা তুলে ধরেছে বাহিনী। “Reaching Out, Caring and Serving”—এই বার্তাকে সামনে রেখে মানুষের সঙ্গে আস্থা ও সৌহার্দ্যের সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এমন উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
দূর গ্রামের মানুষের পাশে অসম রাইফেলস, চিকিৎসা শিবিরে উপকৃত ৫০০ গ্রামবাসী
