গভীর রাত। চারপাশ যখন ঘুমে নিস্তব্ধ, তখনই কাঁঠালিয়ার বাঘাইয়াচর এলাকায় আবুল খায়েরের বাড়িতে দেখা মেলে বিশাল আকৃতির এক অজগরের। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় সাপ উদ্ধারকারীদের।রাত প্রায় ২টা ৫৮ মিনিটে Animal Aid Alliance Welfare Society-এর সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় সাপটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি বলে জানা গেছে।তবে সাপটিকে ঘিরে আতঙ্কের পাশাপাশি মানুষের মধ্যে তৈরি হয় প্রবল কৌতূহল। জনবহুল এলাকায় এত বড় অজগর কোথা থেকে এল, তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। সকালে সাপটিকে দেখার জন্য ভিড় জমে যায় বহু মানুষের। নারী-পুরুষ নির্বিশেষে উৎসুক জনতা ছুটে আসেন বিশাল অজগরটি এক নজর দেখতে।সাপ উদ্ধারকারী অসীম মজুমদার ও লকাই দে দীর্ঘদিন ধরে মানুষের বসতবাড়ি থেকে সাপ উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার কাজ করে আসছেন। তাঁদের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে এখন পর্যন্ত প্রায় ৩০৫টি সাপ উদ্ধার করে গভীর অরণ্যে অবমুক্ত করেছেন তাঁরা।এই উদ্ধার অভিযানেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত ওসি প্রার্থনাথ ভূমি ও সাব-ইন্সপেক্টর প্রসেনজিৎ দেবনাথ। তাঁদের সহযোগিতায় উদ্ধার হওয়া অজগরটিকে নিরাপদে তৃষ্ণা অভয়ারণ্যে নিয়ে গিয়ে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়।বিরাট আকৃতির অজগর উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হলেও শেষ পর্যন্ত নিরাপদে তার নিজস্ব পরিবেশে ফিরে যাওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি দুই সাপ উদ্ধারকারীর সাহস ও পরিবেশ রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
গভীর রাতে বাড়িতে বিশাল অজগর, উদ্ধার ঘিরে কাঁঠালিয়ায় চাঞ্চল্য
