নদীর জলে খেলতে নেমে মুহূর্তেই সব আনন্দ পরিণত হলো বিষাদে। নবীনগরের মুক্তর হোসেন পাড়া (বাজারপাড়া) এলাকায় বড় ভাইয়ের সঙ্গে নদীর ধারে খেলছিল আট বছরের শিশু আজমীর হোসেন। খেলতে খেলতেই আচমকা নদীর জলে তলিয়ে যায় সে।ঘটনার পর থেকেই শুরু হয় শিশুটির খোঁজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং NDRF-এর সদস্যরা। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে নদীতে তল্লাশি চালানোর পর সোমবার দুপুরে অবশেষে উদ্ধার হয় ছোট্ট আজমীরের নিথর দেহ।শিশুটিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ।এক মুহূর্তের অসাবধানতায় একটি পরিবারের কোল শূন্য হয়ে গেল। আজমীরের এই মর্মান্তিক পরিণতি ফের মনে করিয়ে দিল—নদী বা জলাশয়ের কাছে শিশুদের নিয়ে থাকলে সামান্য অসতর্কতাও কতটা বড় বিপদ ডেকে আনতে পারে।
নদীতে খেলতে গিয়ে নিখোঁজ শিশু, দীর্ঘ চেষ্টায় মিলল আজমীরের দেহ
