তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন–১ এ শৃঙ্খলাহীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। অভিযোগ, একাংশ কর্মী সকাল ১১টার পর অফিসে আসেন, কেউ কেউ আবার অফিস চলাকালীন ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন। জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে দায়িত্ব ফেলে ব্লগিং ও ভিডিও তৈরিতে ব্যস্ত থাকার অভিযোগ উঠেছে। পাশাপাশি মানিক দেব, পার্বতী নমঃ ও নীশা শীলের বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে অনিয়মিত হাজিরা ও গাফিলতির অভিযোগ রয়েছে। রবিবার এমডি-র সফরের দিন শহরজুড়ে ৪৫ মিনিট বিদ্যুৎ বিভ্রাটে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। ইতিমধ্যে শোকজ নোটিশ জারি হলেও, সাধারণ মানুষের দাবি—এই অনিয়মে কঠোর প্রশাসনিক পদক্ষেপ জরুরি।
