Headlines

পানীয় জল নেই, নিরাপত্তাও প্রশ্নের মুখে! একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ

পড়াশোনার জন্য কলেজে এসে যদি পানীয় জল, নিরাপত্তা কিংবা ন্যূনতম পরিকাঠামোর অভাব দেখা দেয়, তাহলে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি হয় ছাত্রছাত্রীদের মধ্যে। এমনই একাধিক অভিযোগকে সামনে রেখে মঙ্গলবার কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখাল এবিভিপির ছাত্রছাত্রীরা।আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজের একাধিক মৌলিক সমস্যা সমাধান হয়নি। পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা না থাকার পাশাপাশি ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক কমন রুমও নেই। গত দুই বছর ধরে কলেজ উইক অনুষ্ঠিত হয়নি এবং বন্ধ রয়েছে NSS Unit-এর কার্যক্রমও।শুধু তাই নয়, কলেজ চত্বরের অপরিচ্ছন্নতা, বহিরাগতদের অবাধ প্রবেশ এবং বিজ্ঞান বিভাগের প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। ছাত্র ইউনিয়ন কক্ষের বেহাল অবস্থা এবং কলেজের প্রধান গেটে নিরাপত্তারক্ষী না থাকায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা এবিভিপির সংযোজক অঙ্কণ পাল, মহকুমা সংযোজক স্নেহা সূত্রধর, কলেজ সম্পাদক আকাশ দেবনাথ-সহ অন্যান্য ছাত্রছাত্রীরা।অঙ্কণ পাল বলেন, কলেজে পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হলে দ্রুত এই সমস্যাগুলির সমাধান করা জরুরি। তাঁর দাবি, ছাত্রছাত্রীদের মৌলিক সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে এবিভিপি।ছাত্রছাত্রীদের প্রশ্ন একটাই—যে কলেজে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে তাঁরা আসেন, সেখানে ন্যূনতম সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আর কতদিন অপেক্ষা করতে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *