Headlines

“পানি ছাড়া বাঁচব কীভাবে?”—জলের দাবিতে অবরোধ, কৃষ্ণপুরে ক্ষোভে ফুঁসছেন ৩৬ মাইলের বাসিন্দারা

“পানি ছাড়া বাঁচব কীভাবে?”—এই প্রশ্নই যেন এখন কৃষ্ণপুরের ৩৬ মাইল এলাকার মানুষের মুখে মুখে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। বারবার জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তায় নেমে অবরোধে বসেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, বাড়িতে পর্যাপ্ত পানীয় জল নেই। দিনের পর দিন জলের জন্য হাহাকার করতে হচ্ছে। সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু থেকে বয়স্ক—সকলকেই পানীয় জলের জন্য চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে দাবি বাসিন্দাদের।জলের দাবিতে এদিন অবরোধ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্ত্রী কিশোর বর্মণ। আন্দোলনকারীদের অবরোধের কারণে কিছু সময়ের জন্য তিনিও সেখানে আটকে পড়েন।বাসিন্দাদের বক্তব্য, প্রতিশ্রুতি নয়, তাঁরা এবার সমস্যার স্থায়ী সমাধান চান। ঘরে ঘরে নিয়মিত পানীয় জল না পৌঁছানো পর্যন্ত আন্দোলন থেকে সরবেন না বলেও ক্ষোভ প্রকাশ করেন অনেকে।একদিকে উন্নয়নের নানা দাবি, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পানীয় জলের জন্য মানুষের এমন হাহাকার—কৃষ্ণপুরের ৩৬ মাইলের এই ছবি ফের প্রশ্ন তুলছে, সাধারণ মানুষের মৌলিক চাহিদার সমাধান কবে হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *