উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে দিনের বেলায় দুঃসাহসিক ছিনতাইয়ের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল। পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় নিজের দোকানের সামনে বসেছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী শিপ্রা রানি দেবনাথ। অভিযোগ, আচমকাই জোসেফ রিয়াং নামে এক যুবক তাঁর হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।ব্যবসায়ীর চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে ধাওয়া করে অভিযুক্তকে পাকড়াও করেন। ব্যাগ উদ্ধার হলেও দাবি, ভেতরে থাকা প্রায় তিন হাজার টাকা উধাও। তল্লাশি চালিয়েও টাকা মেলেনি। তবে অভিযুক্তের কাছ থেকে বিপুল পরিমাণ সিরিঞ্জ উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, মাদকাসক্তদের কাছে সিরিঞ্জ বিক্রি করত।খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। নিখোঁজ টাকার খোঁজে তদন্ত শুরু হয়েছে।এ ঘটনায় ফের সামনে এল শহরে নেশা ও অপরাধের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ। স্থানীয়দের দাবি, কঠোর নজরদারি ও দ্রুত আইনি পদক্ষেপই পারে এমন দুঃসাহসিক ঘটনার পুনরাবৃত্তি রুখতে।
দিনের আলোয় দুঃসাহস,স্থানীয়দের তৎপরতায় ভেস্তে গেল ছিনতাই
