শারদীয়ার আবহে ইতিমধ্যেই উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে সোনামুড়ায়। এ বছর সোনামুড়া থানার বিভিন্ন এলাকায় ছোট, মাঝারি ও বড় মিলিয়ে ৫৫টিরও বেশি দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। আর এই উৎসব যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতিতে নামল পুলিশ প্রশাসন।রবিবার সোনামুড়া টাউন হলের কনফারেন্স হলে সোনামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ তাপস দাসের নেতৃত্বে পুজো উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ আলোচনা সভা।বৈঠকে পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের যাতে কোনও সমস্যার মুখোমুখি হতে না হয় এবং পুজো উদ্যোক্তারাও যাতে নির্বিঘ্নে উৎসব পরিচালনা করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।পুজো উদ্যোক্তাদের উদ্দেশে ওসি তাপস দাস প্রশাসনের দেওয়া সমস্ত নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি পুজোর আনন্দের মধ্যেও যাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেদিকে সকলকে নজর রাখার আবেদন জানান তিনি।শুধু কথায় নয়, নিরাপত্তার ক্ষেত্রেও যে কোনও ধরনের ঘাটতি রাখা হবে না, তা স্পষ্ট করে দেন ওসি। তিনি জানান, দুর্গোৎসবকে কেন্দ্র করে সোনামুড়া থানার পুলিশ প্রশাসন ইতিমধ্যেই প্রস্তুত। পুলিশের পাশাপাশি টিএসআর জওয়ান এবং সাদা পোশাকের পুলিশ সদস্যদেরও বিভিন্ন এলাকায় মোতায়েন করা হবে।বিশেষ করে যেসব এলাকায় পুজোর সময় মানুষের ভিড় বেশি হয় এবং যান চলাচলও বাড়ে, সেখানে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি থাকবে পুলিশ সহায়তা কেন্দ্রও।উৎসবের আনন্দে যেন কোনও অপ্রীতিকর ঘটনা বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই প্রশাসন ও পুজো উদ্যোক্তাদের সমন্বয়ের উপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে।সব মিলিয়ে, আনন্দের উৎসবকে নিরাপদ ও সুন্দর করে তুলতে সোনামুড়ায় একদিকে যেমন পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি চলছে, তেমনই অন্যদিকে নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিয়ে প্রস্তুত হচ্ছে পুলিশ প্রশাসন।
আনন্দের উৎসবে নিরাপত্তার বার্তা, সোনামুড়ায় পুজো উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের বৈঠক
